নিউজ ডেস্কঃ
খুলনার রূপসা উপজেলার মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।নিহত জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকিরকে রাতে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে তাদের একজন দোকানের ভেতরে প্রবেশ করে মাথায় গুলি করে।
তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের একটি দল সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছেন।