নিউজ ডেস্কঃ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করে । গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে এ অভিযান চালানো হয়।
ডিবির ভাষ্য, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারী। বাসাটি পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি বাসাটি ভাড়া দিয়েছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাদের অনেককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
তিনি বলেন, বাড়িটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি পরিচালিত হতো।
আটকদের মধ্যে একজন বিদেশি (আফগানিস্থান) নাগরিক রয়েছেন। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবি সূত্র বলছে(গণমাধ্যমে প্রকাশ), এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্লাটফর্ম। যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন। সেই সঙ্গে অতিথিরা বুকিং করতে পারেন।
ওই বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। ওই বাসায় রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোহোস্ট মাহবুবুল আলম আটক আছেন। এয়ারবিএনবিকে বাসাটি ভাড়া দেওয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ নিতেন জহির। আড়াই তলার থ্রিপ্লেক্স বাড়িটিতে প্রতি রাতেই অবৈধভাবে মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো।