ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নগরীর স্বল্প আয়ের পরিবারের মাঝে পুস্টিকর খাদ্য বিতরণ, নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় সহায়তা প্রদানসহ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। একই সাথে সংস্থাটি খুলনায় ডেঙ্গু সংক্রমণ হ্রাসে সচেতনতা সৃষ্টির পাশাপাশি স্বল্প আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে যা মানবতার সেবায় একটি অনন্য উদ্যোগ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মঙ্গলবার সকালে নগরীর ৯নং ওয়ার্ড অফিসে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।
ডেঙ্গু সংক্রমণ হ্রাসে কেসিসি’র গৃহীত কার্যক্রমের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে এ কাটিয়ে ওঠা আরো সহজ হবে উল্লেখ করে প্রশাসক নিজেদের আবাসস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিশুদের হামের টিকাসহ যথাসময়ে সকল ধরণের টিকা নেওয়ার জন্য মায়েদের প্রতি আহবান জানান। এছাড়া জ্বরে আক্রান্ত হলে কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ নিরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রশাসক প্রকল্পের নিবন্ধনকৃত ১’শ ২০ টি স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন। কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফয়সাল ও জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, সমাজসেবক নিযামুর রহমান লালু, কাজী মাহবুবুল হক, সামছুর রহমান, কাজী ফজলুল কবির টিটু, প্রকল্পের ৯নং ওয়ার্ডের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন গ্রেগরি, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুপুরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৬নং ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১’শ ৪৫টি স্বল্প আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করেন। কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, সমাজসেবক মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, জয়নাল আবেদীন, আনসার আলী, মাহবুবুর রহমান ডাবলু, ওয়ার্ডের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন গ্রেগরি, প্রেগ্রাম অফিসার পলিন সরদার ও রেমা সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির