খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বুধবার সকালে নগরীর ৮ ও ৯নং ওয়ার্ড এলাকায় চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন ওয়ার্ড এলাকা পরিদর্শন করছেন।
পরিদর্শনকালে ওয়ার্ডের রেল লাইনের উভয়পাশে বসবাসকারী নিম্ন আয়ের পরিবারের আবাসস্থলে সড়ক, ড্রেন, স্যানিটেশন ব্যবস্থা ও পানীয় জলের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বিদ্যমান সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে বলে জানান। একই সাথে তিনি স্যানিটেশন ও পানীয় জলের সংকট সমাধানে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে এগিয়ে আসারও অনুরোধ জানান।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ধুলামুক্ত নগরী গড়ার ক্ষেত্রে তিনি সড়কের পাশে বালু রেখে ব্যবসা পরিচালনা এবং সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখাকে অন্যতম অন্তরায় হিসেবে উল্লেখ করেন এবং নগরবাসীর নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি দূর করতে এ বিষয়েও শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
প্রশাসক আজ ৮নং ওয়ার্ডের ক্রিসেন্ট জুটমিল ও বিদ্যুৎ কেন্দ্র এলাকার আবাসস্থল এবং ৯নং ওয়ার্ডের হাজামপাড়া এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগিত পরিদর্শনের পাশাপাশি ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা না পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
কেসিসি’র প্রদান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সমাজসেবক এ্যাড. ফজলে হালিমা লিটন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মো: সাইফুল আলম, কাজী মাহবুবুল হক, এইচ এম ডালিম, জাহাঙ্গীর কবির, সামছুর রহমান, কাজী শফিকুল ইসলাম, কাজী আবুল কালাম শামসুদ্দিন, কাজী শাহনেওয়াজ নিরু, কাজী ফজলুল কবীর টিটোসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির