আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল-আমিন মানুষকে সত্যের পথে আহবান করার জন্য হযরত মুহাম্মদ (স.)-কে শেষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি শুধু আমাদের মুসলিমদের আদর্শ নন, তিনি সমগ্র বিশে^র সকল মানুষের কাছে এক অনন্য আদর্শ। তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করলেই একটি আদর্শ সমাজ ও একটি আদর্শ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে নগরীর ন্যাশনাল গার্লস হাই স্কুলে অয়োজিত মিলাদ, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালন ও স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম মুন্সী রহিম উদ্দিন-এর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক আরো বলেন, আমাদের সমাজ আজ বিভিন্ন সামাজিক অপরাধ ও অপসংস্কৃতির আগ্রাসনে জর্জরিত। মাদকাসক্তি ও কিশোর গ্যাং-এর অপরাধ প্রবণতার কারণে সামাজিক পরিবেশ অসহনীয় হয়ে উঠছে। ধর্মীয় শিক্ষা থেকে দূরে চলে যাওয়াই এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ক্ষেত্রে মহানবী (স.) এর আদর্শকে বেশি বেশি প্রচারের মাধ্যমে সান্তনদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাহলেই কেবল আদর্শিকভাবে ভালো মানুষ তৈরী হবে। আর ভালো মানুষ গড়তে পারলে ভালো সমাজ পাবো, ভালো দেশ পাবো। প্রশাসক বর্তমান ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার এবং মশারি টানিয়ে ঘুমানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ন্যাশনাল গার্লস হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি এস এম রবিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবদুল মমিন। সঞ্চালনা করেন স্কুলের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান সোহাগ, সিদ্দিকুর রহমানসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসক ক্বিরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির