বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা আজ (মঙ্গলবার) বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর বিরুদ্ধে সকলের সচেতন হওয়া জরুরি। প্রথমে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। মাদকের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, মাদকসহ কেউ ধরা পরলে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। মাদকের প্রবেশদ্বার চিহ্নিত করে রুটগুলো বন্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মাদকের কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা বাড়াতে তিনি সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।
সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলায় জুলাই ও আগস্ট মাসে মাদকের বিরুদ্ধে ২৩৪৫টি অভিযান, নিয়মিত মামলা ২০৯টি, মোবাইলকোর্ট মামলা ৬৬১টি এবং মোট মামলা হয়েছে ৮৭০টি। মামলা নিষ্পত্তি হয়েছে ৭৬২টি, সাজা ৭০১টি এবং খালাস ৬১টি।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমানসহ বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। খবরঃ বিজ্ঞপ্তির