খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের সকল এজেন্সীকে কঠোরভাবে মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে। আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে দুষ্টের দমন করতে হবে। একই সাথে মানুষের মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি যেন কোন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নিতে না পারে, কোন সন্ত্রাসী যেন লালিত পালিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কেসিসি প্রশাসক আজ শনিবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘‘মানবাধিকার কর্মীদের ভূমিকা’’ শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-খুলনা মহানগর শাখা এ সেমিনারের আয়োজন করে।
মানবাধিকর সংগঠনটি খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। সিটি কর্পোরেশন যেহেতু মানুষের কল্যাণে কাজ করে সেহেতু কল্যাণমূলক সকল কাজে কেসিসি’র সহযোগিতা থাকবে বলে প্রশাসক উল্লেখ করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে কাজ করার আহবান জানান।
সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সেমিনার প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী’র সভাপতি এ্যাড. মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ। খুলনা প্রেস কাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মারুফ রশীদ প্রমুখ সেমিনারে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ডা. মঞ্জুর মোর্শেদ ও রোটারিয়ান ডা. সৈয়দ অবু সাঈদ। খবরঃ বিজ্ঞপ্তির