নিউজ ডেস্কঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর উঠে এসেছেন বিএনপির শীর্ষ পর্যায়ে। একজন অবিচল এই নেতা ছিলেন দলের ময়দানের কান্ডারি।বাংলাদেশে এবার তিনি ‘মহামান্য’ হয়ে যাচ্ছেন বঙ্গভবনে।
ছাত্রজীবনে বামপন্থায় আস্থা রাখা এই নেতা টানা দেড় দশক ধরে বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম আর তিনটি গণঅভ্যুত্থানের অভিজ্ঞতায় ঋদ্ধ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে বিএনপি যেন তার ত্যাগের স্বীকৃতিই দিল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোয়নপত্র জমা দেওয়া হয়েছে।
শিক্ষকতা পেশা থেকে রাজনীতিতে আসা এই নেতার রয়েছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা।
একজন ‘সজ্জন রাজনীতিবিদ’ হিসেবে সবমহলে গ্রহণযোগ্যতা পাওয়া মির্জা ফখরুলকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনয়ন দিয়ে বিএনপি দলের ভেতরে উদাহরণ তৈরি করল। অভাবনীয় কিছু না ঘটলে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলই জয়লাভ করতে যাচ্ছেন। তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন গেল ২৪ জুলাই পদত্যাগ করে বঙ্গভবন ছাড়েন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে সপ্তাহখানেক পর, ২০ অগাস্ট।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতার চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন চার দশক আগে।