বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন 

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া- ইন্না লিল্লাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিমানবাহিনীর শাহি জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনা শেষে ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তাঁর সামরিক জীবন শুরু হয়।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণে বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত হন তিনি।

২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম। ২০০২ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর তাঁর কোর্সমেট ফখরুল আজম বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব নেন।

অবসরের পর রাজনীতিতে সক্রিয় হন মুহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।