খুলনায় নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু নেতৃত্ব বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

 খুলনা, ১৮ জুলাই ২০২৬: 

তরুণদের জলবায়ু নেতৃত্ব, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর এবং জলবায়ু নীতিতে কার্যকর অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আপস যুব সংগঠন এর উদ্যোগে গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কক্ষে “নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু নেতৃত্ব: ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর ও নীতিগত অ্যাডভোকেসি” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করেছে দ্য আর্থ সোসাইটির ‘ইয়ুথ ফর কেয়ার’ প্ল্যাটফর্ম।

প্রশিক্ষণে বাংলাদেশ স্কাউটস, খুলনা জেলা রোভার-এর আওতাধীন ৮টি কলেজের ২০ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। এছাড়াও আপস যুব সংগঠনের ৪ জন সদস্য অংশ নেন। সব মিলিয়ে প্রশিক্ষণে ২৪ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন আপস যুব সংগঠনের নির্বাহী প্রধান ও ক্লাইমেট অ্যাক্টিভিস্ট রেদওয়ানুল রুহান, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন এবং সহ-সভাপতি ব্লেস দীপান্বেষ তালুকদার এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সাইফুল্লাহ হক তানভির ।

দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও স্থানীয় প্রভাব, জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর, জলবায়ু নীতি, নীতিগত অ্যাডভোকেসি, যুব নেতৃত্ব এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা, দলীয় কাজ ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপস যুব সংগঠনের পরিচালক নাজমুস সাকিব, কোষাধ্যক্ষ নিয়াজ মাহমুদ এবং প্রোগ্রাম ম্যানেজার শেখ আরিফুজ্জামান। তাঁরা তরুণদের পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণের সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা দলভিত্তিকভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্ভাবনী ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। স্থানীয় পর্যায়ে এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা, অংশীদারিত্ব এবং যুব নেতৃত্বের বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আপস যুব সংগঠন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, সচেতন ও দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন ও জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে খবরঃ বিজ্ঞপ্তির