দুরারোগ্য ব্যাধিতে (হার্ট, নিউরো ও অর্থোপেডিক) আক্রান্ত ০-১৮ বছর বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা মেডিস্টান হেলথকেয়ারের পরিচালক ডা. মাসকুর উসমানী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত শনিবার বিকেলে নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
কেসিসি প্রশাসক আগত প্রতিনিধি দলকে খুলনায় স্বাগত জানান এবং বাংলাদেশে তাদের কর্মপরিকল্পনার বিস্তারিত বিবরণ পেশ করার অনুরোধ জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে প্রশাসক প্রতিনিধি দলকে অবহিত করেন। উল্লেখ্য, বাংলাদেশসহ বিশে^র ২০টি দেশে সেবামূলক এ কার্যক্রম পরিচালনা করছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধি ডা. মো: বরকত উল্লাহ, গ্লোবাল-খুলনার প্রেসিডেন্ট শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির