‘‘কাস্টার ডেভেলপমেন্ট প্লান (সিডিপি) ইনকুডিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান (সিআইপি)’’ শীর্ষক প্রস্তুতিমূলক কর্মশালা আজ বুধবার অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৯টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।
উল্লেখ্য, বিশ^ ব্যাংকের আর্থিক সহায়তাপুষ্ট ‘‘রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট’’ (আরইউটিডি) প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে সাব-প্রজেক্টসমূহ বাস্তবায়নের জন্য অর্থ পাওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান প্রণয়নে প্রাথমিক পর্যায়ে একটি প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজনের শর্ত রয়েছে। শর্ত মোতাবেক গঠিত টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, আমরা এই শহরের নাগরিক এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে প্রকল্প গৃহীত হবে উল্লেখ করে প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প গ্রহণ করে পেশ করার জন্য বলেছেন। সে মতে প্রাথমিক পর্যায়ে টেক্সটাইল মিলের অব্যবহৃত জমিতে একটি নভথিয়েটার ও পার্ক নির্মাণ এবং ৫ ও ৭নং ঘাট সংলগ্ন অব্যবহৃত জমিতে একটি পার্ক নির্মাণের প্রস্তাব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এছাড়া চার’শ আঠারো কোটি টাকা ব্যয়ে জিয়া হল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় জানানো হয়, নির্বাচিত কাস্টারে অবস্থিত পৌরসভা ও সিটি কর্পোরেশনে জলবায়ু সহনশীল নগর অবকাঠামো এবং নির্বাচিত নগরকেন্দ্রগুলির নগর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশ^ ব্যাংক টীম এবং সরকার কর্তৃক গঠিত প্রকল্পভুক্তকরণ টীম প্রকল্প এলাকা নির্বাচন ও প্রকল্পের কার্যপরিধি ও ব্যাপ্তি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ করিডোরগুলির মধ্যে গুরুত্ব বিবেচনা করে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনকে প্রকল্প এলাকা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কেসিসি প্রশাসক আরো বলেন, নগরীর বাজারগুলি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে হাস-মুরগী ও ডিমের পাইকারী বাজার এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য পৃথক একটি মার্কেট নির্মাণের জোরালো দাবি রয়েছে। তাদের এ দাবি পূরণের জন্য কাজ চলছে বলে প্রশাসক উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, স্থানীয় সরকার-খুলনা উপপরিচালক মো: আরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রাজস্ব মুক্তিযোদ্ধা সংসদ-খুলনা মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান নবাব, খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, বিশিস্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, প্রকল্পের এনভায়রনমেন্ট স্পেশালিষ্ট আহসান ইমাম, আর্কিটেক্ট ফারহানা ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ সামছুর রহমান, সোশাল স্পেশালিস্ট তারিকুল ইসলাম, সোশাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো: হাসিবুল হকসহ গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক-সংস্কৃতিক/যুব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী প্রতিনিধি, নগর দারিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি, কেসিসি’র বিভাগীয় প্রধান ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম। খবরঃ বিজ্ঞপ্তির