নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর জন্য বিগত অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন । তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় কিছু মানুষের গাফিলতির কারণে হামে বহু শিশুর মৃত্যু হয়েছে।’
আজ সোমবার বগুড়ার গাবতলীর বাগবাড়িতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সফরে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রাম। এই গ্রামের সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী। এলাকাবাসীর গর্ব তারেক রহমানকে দেখে উচ্ছ্বসিত গ্রামের মানুষ। ২০০৬ সালে সবশেষ মা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে পিতৃভূমিতে এসেছিলেন তারেক রহমান। এবার তিনি নিজেই প্রধানমন্ত্রী। এলাকাবাসীর নানা দাবির কথা শুনে তিনি বলেন, ‘শুধু বগুড়া নয় সারা দেশের উন্নয়নে কাজ করছে সরকার।’
বাগবাড়ি গ্রামে ফ্যামিলি কার্ড তুলে দেন নারীদের হাতে। ৯১১ জন্য পেয়েছেন এই কার্ড। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের অর্থের যোগান দিতে পাচার করা অর্থ ফিরিয়ে আনবে তার সরকার।
কিছু মানুষের গাফিলতির কারণে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুত আমদানি করে দুই কোটি বাচ্চাকে টিকা দেওয়া হবে।’
তারেক রহমান বলেন, ‘প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে।’
এরপর বাগবাড়িতে জিয়াউর রহমান হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পৈত্রিক বাড়ির পাশের চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান।
এর আগে, সোমবার সকালে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উম্মোচন করেন তারেক রহমান। সেখানে ই-বেইল কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন ।