নিউজ ডেস্কঃ
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্য হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, শুধু পুলিশ বলছেন কেন? পুলিশসহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে এটি ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। বিনিয়োগ আকর্ষণ করতে হলে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি, আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।