নারীদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান 

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এক বানী দিয়েছেন। তিনি বাংলাদেশের এবং বিশ্বের সকল নারীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল আসবে না। বাংলাদেশে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে ‘নারী বিষয়ক দফতর’ এবং ১৯৭৮ সালে ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা হয়, যা ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং অংশগ্রহণ নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।