নিউজ ডেস্কঃ
পুলিশ রাজধানীর পুরান ঢাকার চাঁনখারপুলের ভাড়া বাসা থেকে নাহিদা আক্তার ওরফে ববি (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ।তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। তাঁর এক স্বজন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। গতকাল রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এই দাম্পত্য কলহের জেরে নাহিদা আত্মহত্যা করে থাকতে পারেন।
জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ চাঁনখারপুল এলাকায় নাহিদার ভাড়া বাসায় যায়। তিনি ভবনটির ছয়তলায় থাকছিলেন। বাসার ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে বাসার ভেতরে ঢোকে পুলিশ।
বাসার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাহিদার নিথর দেহ ঝুলতে দেখা যায়। তাঁর লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে করা হয়। দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।