সাংবাদিক রশীদ খোকনের হত্যা মামলা পুন:তদন্ত করতে হবেঃ কেইউজের স্মরণসভায় বক্তারা

শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন অন্যায়ের কাছে কোনো দিন মাথানত
করেননি। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। বক্তার নতুন সরকারের কাছে
শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যা মামলাসহ আততায়ীদের হাতে
নিহত সকল সাংবাদিকের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের
আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।
আজ সোমবার খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে খুলনা সাংবাদিক
ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক
হারুণ-অর-রশীদ খোকনের ২৪তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সদস্য দেবব্রত রায়। সভা পরিচালনা করেন
সংগঠনের সাধারন সম্পাদক মহেন্দ্রনাথ সেন।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
টিভি রির্পোটার ইউনিটের সাবেক সভাপতি সুনীল দাস, যুগ্ম সম্পাদক এস
এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, বাপী খাঁন
প্রমুখ।
এর আগে নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে
পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুণ-অর-রশীদ
খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক
মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, গত ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার
কাছে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকন শাহাদাৎ বরণ করেন। খবরঃ বিজ্ঞপ্তির