নিউজ ডেস্কঃ
প্রখাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বার্ধক্যজনিত নানাবিধ সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাহিত্যিক। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল তার। সেই সময়ে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও দিন পনেরো আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ লড়াইয়ের পর আজ দুপুরে জীবনাবসান ঘটে তার।