নিউজ ডেস্কঃ
দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ আজ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া টানা নয় ঘণ্টার ভোটে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সিলগালা করে গণনার প্রস্তুতি নেওয়া হয়। প্রথমে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হয়, এরপর একই সঙ্গে দুটি ভোটের গণনা শুরু হয়।
এবার ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোট দিয়েছেন। সাদা ব্যালটে সংসদ সদস্য প্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোটের পক্ষে বা বিপক্ষে মতামত জানানো হয়েছে।
ভোট গ্রহণ চলাকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ছিল। দুটি জেলায় ককটেল বিস্ফোরণ এবং পৃথক ঘটনায় চারজন ভোটার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগ এসেছে, যা তদন্তের জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।
এবারের নির্বাচনে ৪৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮১ জন।