গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) দুপুরে বাগেরহাট খানজাহান আলী মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
উপদেষ্টা বলেন, ভোটাধিকার জনগণের সাংবিধানিক অধিকার। জনপ্রতিনিধি নির্বাচনে আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন কিন্তু গণভোটের বিষয়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন সদা তৎপর। তিনি আরও বলেন, এবারের নির্বাচন অন্যান্য বছরের তুলনায় অধিক তাৎপর্যপূর্ণ। ২০২৪-এর ৫ই আগস্টের পর দেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। প্রচলিত নিয়মকে সংস্কার করতে বিভিন্ন কমিশনের প্রস্তাবনার আলোকে জুলাই জাতীয় সনদ ২০২৫ গঠন করা হয়। আগামীতে দেশ কিভাবে চলবে তা নির্ভর করছে জনগণের হ্যাঁ-এর পক্ষে ভোট এবং নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকার কর্তৃক তা বাস্তবায়নের ওপর।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার ও জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সুধী সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির