খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি,যশোর সীমান্ত এলাকায় সতর্কতা জারি

নিউজ ডেস্কঃ

এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকাগুলোতে ব্যাপক নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

 

জানা গেছে,সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।-অনলাইন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১৮/১ এস থেকে ৪৭/৩ এস মেইন পিলার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া তল্লাশি চলছে। বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলাসহ সংলগ্ন এলাকাগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পয়েন্টগুলো কার্যত ‘সিলগালা’ করে দিয়েছে বিজিবি। সীমান্ত অভিমুখে যাওয়া প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।