নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে, এমন তথ্য ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানানো হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে সরকারের হালনাগাদ প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা তুলে ধরতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি বিশেষ ব্রিফিং সভার আয়োজন করা হয়। অনলাইন।
সভায় ব্রিফিংকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানিয়েছে। পর্যবেক্ষকরা এলে নির্বাচন কমিশন তাদের স্বাগত জানাবে। একই সঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদাসতর্ক ও সচেষ্ট রয়েছে।
এ সময় ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর প্রতিনিধিদের নিরাপত্তা নিয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে তাদের আশ্বস্ত করা হয়।
ব্রিফিং সভায় ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের বিষয়টি সামনে আসায় বিদেশি কূটনীতিকদের মধ্যেও বিভিন্ন প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই সরকারের অবস্থান ও প্রস্তুতি পরিষ্কার করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।