নিউজ ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান গ্রেফতার হয়েছেন।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতারের কথা জানায় র্যাব। তথ্যঃ অনলাইন ।
জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক।
র্যাব গণমাধ্যমকে জানিয়েছেন, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র্যাব।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।