সাংবাদিক শাওন ও মনির ওপর হামলায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর হামলার ঘটনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি মনে করে, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি।

সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল-সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আহত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। মুক্ত সাংবাদিকতা টিকে থাকতে হলে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। খবরঃ বিজ্ঞপ্তির