কুয়েট সংলগ্ন বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ ও আহত ৩ 

নিউজ ডেস্কঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন যোগীপোল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন।

আহত হয়েছেন তিনজন ।যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

গুলিবর্ষণের ঘটনায় নিহত শিক্ষকের নাম ইমদাদুল হক (৪৫) । আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি।

রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় কুয়েট রোড এলাকার যোগীপোল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হামলার সময় মামুন শেখ কয়েকজন স্থানীয় নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং চার রাউন্ড গুলি চালয়ে দ্রুত পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় শিক্ষক ইমদাদুল হককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ মামুন শেখ ও মিজানুর রহমানও হাসপাতালের চিকিৎসাধীন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।