ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের জীবনাবসান

বিদেশ ডেস্কঃ

ভারতের উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। সোমবার সকালে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস ও এনডিটিভির তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী মুলায়ম সিং যাদব গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার পাশাপাশি তার মূ্ত্রনালীতে সংক্রমণ দেখা দিয়েছিল। অবস্থার অবনতি হলে রোববার তাকে আইসিইউতে নেয়া হয়। সোমবার সকালে তার ছেলে সমাজবাদী পার্টির বর্তমান প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত কয়েক বছরে আলোচনা থেকে দূরে সরে গেলেও ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ চরিত্র হয়েই ছিলেন মুলায়ম সিং যাদব।

সমাজবাদী পার্টির কর্মীদের কাছে তিনি ছিলেন ‘নেতাজি’। ২০০৯ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন পার্লামেন্ট সদস্য। দেবেগৌড়া সরকারের সময় ১৯৯৬ -১৯৯৮ সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও তিনি সামলেছেন।

মুলায়ম সিং যাদবের জন্ম ১৯৩৯ সালের ২২ নভেম্বর। আশির দশকের শেষ দিকে ভারতীয় রাজনীতি যখন উত্তাল, সেই সময় উত্তর প্রদেশের রাজনীতিতে নিজের পরিচিতি গড়ে তোলেন সাবেক এই কুস্তিগীর। সমাজতান্ত্রিক মতাদর্শের একজন সাহসী নেতা হিসেবে তিনি দ্রুত পরিচিতি পেয়ে যান।