ইউএন শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোর এক সম্মেলনে সেনাপ্রধান চলতি মাসে ভারত যেতে পারেন

নিউজ ডেস্কঃ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে।

রাজধানী নয়াদিল্লিতে ১৪ অক্টোবর দুই দিনের এ সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যান।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, এ বিষয়ে তাদের হাতে এখন কোনো তথ্য নেই। সেনাপ্রধানের সফরের কোনো সূচি হলে জানিয়ে দেওয়া হবে।

স্টেটসম্যান বলছে, সম্মেলনে ৩০টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।[বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম]

এ সম্মেলনকে একটি ‘অনন্য প্ল্যাটফর্ম’ হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর।

সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজেনিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে ।