সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর আসনে নৌকার মাঝি হলেন ছোট ছেলে লাবু

নিউজ ডেস্কঃ
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।

গতকাল মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ফরিদপুর-২ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ফরিদপুর-২ আসনের মনোনয়ন ছাড়াও সভায় সাতটি উপজেলা, চারটি পৌরসভা এবং ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যও আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তথ্যঃ অনলাইন।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয় ৫ নভেম্বর। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।