কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী ধর্ষণের শিকার, মূল অভিযুক্তসহ পাঁচ জন গ্রেফতার

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ২৫ বছর বয়সী হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ২৬ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খানের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অন্য চার জন হলেন – মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেফতারকৃত ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়।

 

এছাড়া ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরো চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তথ্যঃ বিবিসি বাংলা।

পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৬শে জুন শুক্রবার আনুমানিক রাত আটটায় মুরাদনগর থানার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন।

ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পুলিশ।

 

মামলার এজাহার ও ভুক্তভোগী (গনমাধ্যমে প্রকাশিত সংবাদ) ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তাঁর বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন।