রাজনাথ, ডোভাল, সিডিএস ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে পিটিআই) /অনলাইন।
নিউজ ডেস্কঃ
পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে তিন সামরিক বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার নিজের বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে যে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী, তাতে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যখন খুশি, যেখানে খুশি পহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনা। কীভাবে হামলা চালানো হবে, কীভাবে পরিকল্পনা করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে কোনও বাহিনীর হাত-পা বেঁধে রাখা হবে না। যেমন মনে হবে, সেরকমভাবেই ‘অ্যাকশন’ নেওয়ার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ভারতের ৩ বাহিনীর উপরেই আস্থা রেখেছেন মোদী
আর সেই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তিন বাহিনীর উপরই পূর্ণ আস্থা রেখেছেন। সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর সামনেই প্রধানমন্ত্রী বলেছেন যে ‘আমাদের প্রতিক্রিয়া কী হবে, কীভাবে সেই পদক্ষেপ করা হবে, টার্গেট কী হবে এবং কখন অ্যাকশন নেওয়া হবে, তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে।’ তথ্যঃ হিন্দুস্তান টাইমস।