নিউজ ডেস্কঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক বৈঠকে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬ জন বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার স্থানীয় সময় দুপুরের পর প্রদেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে শান্তি কমিটির এক বৈঠকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইরানী বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে। অনলাইন।
দক্ষিণ ওয়াজিরিস্তানের পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির ( গনমাধ্যমে প্রকাশ) বলেন, পেশোয়ার থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ‘বৈঠক চলাকালীন বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়েছে’।
তবে এখনো পর্যন্ত এ হামলার পেছনে কে বা কারা দায়ী, সে বিষয়ে কিছুই জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
উসমান ওয়াজির জানান, এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তদন্ত চলছে।
দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কারণে অস্থিতিশীল। উল্লেখ্য, অতীতেও দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তানে শান্তি কমিটির সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা ও আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।