জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণ গেল ২৬ জন পর্যটকের,হামলার দায় স্বীকার টিআরএফ এর

নিউজ ডেস্কঃ
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মঙ্গলবার দুপুরের প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা। আহত আরও অনেকে। মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান। কথা বলেন তাঁদের পরিজনদের সঙ্গে। জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।

পাক জঙ্গিগোষ্ঠী লশকরের ছায়া সংগঠন টিআরএফ-এর সন্ত্রাসবাদীদের হামলায় মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। রাতে হত্যালীলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে পাক জঙ্গিগোষ্ঠীটি। সেই আবহে বুধবার সকালে একজন আইজির নেতৃত্বে উপত্যকায় পৌঁছোন এনআইএ-র গোয়েন্দারা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা এবং স্থানীয় পুলিশকে সহায়তা করবেন তাঁরা। প্রসঙ্গত, গত বছরের জুন মাসেও জম্মু-কাশ্মীরের রেইসি জেলায় পুণ্যার্থীদের একটি বাসে হামলা চালিয়েছিল টিআরএফ। মৃত্যু হয়েছিল অন্তত ১০ জন পুণ্যার্থীর। তথ্যঃ আনন্দবাজার পত্রিকা।