যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শপথ নেন ট্রাম্প। তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ালেন। সোমবার ট্রাম্পের সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন।

শপথগ্রহণের পর উদ্বোধনী ভাষণ দেয়ার কথা রয়েছে নতুন প্রেসিডেন্টের। এই ভাষণে ট্রাম্প আগামী চার বছরে তার পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন।

তবে গত কয়েক বছর ক্যাপিটল হিলের পশ্চিম লনে মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হচ্ছে ক্যাপিটল রোটুন্ডায়।

এছাড়া প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সংগীতানুষ্ঠান হবে ইনডোর ভ্যানু ক্যাপিটল ওয়ান এরিনায়। ওয়াশিংটন ডিসিতে প্রচণ্ড ঠান্ডার কারণে নতুন করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।