মণিরামপুর ধনপোতা ঢিবি খনন ফিল্ডে প্রত্নবস্তু সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলার ধনপোতা ঢিবি খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত প্রত্নবস্তুর উপর ভিত্তিকরে সময়কাল নির্ধারণ সংক্রান্ত  মাঠ কর্মশালা আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয় ।

 কর্মশালায় প্রশিক্ষণ প্রদানসহ মূলপ্রবন্ধ উপস্থাপন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ইন আর্কিওলজিক্যাল সাইন্স আর্কিওলজিস্ট ও আর্কিওবোটানিস্ট  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের  সহযোগী অধ্যাপক  ড. মোঃ মিজানুর রহমান। কর্মশালাটি সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা  আঞ্চলিক কার্যালয়ের পরিচালক লাভলী ইয়াসমিন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়সহ এর নিয়ন্ত্রনাধীন  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

 প্রত্নস্থল থেকে সংগ্রহীত নমুনা ও  প্রত্নবস্তুর  উপর ভিত্তিকরে আধুনিক বিশ্বের স্বীকৃত  পরম ও আপেক্ষিক সময় কাল নির্ধারন সংক্রান্ত পদ্ধতির বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান ছাড়াও প্রত্নবস্তুর নথিভুক্তকরণ, ডেটিং, রিয়েলটাইম ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিষয়ে অবহিত করা হয়।  মাঠ কর্মশালার প্রথম সেশনে প্রত্নতাত্ত্বিক খনন ফিল্ড থেকে সময়কাল নির্ধারণের প্রক্রিয়া ও  কৌশল সম্পর্কে এবং দ্বিতীয় সেশনে রেডিও কার্বন ও আর্কিও ম্যাগনেটিক ডেটিং সম্পর্কে  প্রশিক্ষণ প্রদান করা হয়।

   আধুনিক বিশ্বে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা চর্চায়  সি-১৪ ডেটিং একটি  বিশ্ব স্বীকৃত পদ্ধতি। প্রয়োজনীয় দক্ষতাবৃদ্ধির মাধ্যমে সতর্কতা অবলম্বন করে সঠিক উপায়ে সংগ্রহীত নমুনা থেকে সি-১৪ পদ্ধতি ব্যবহার করে প্রত্নস্থলে সঠিক সময়কাল ও কালপর্ব  নির্ধারন করা যায়। উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারণ সংক্রান্ত মাঠ কর্মশালা অনুষ্ঠিত হয় । খবরঃ বিজ্ঞপ্তির