শিক্ষার্থীদের মননে নীতি-নৈতিকতা ও শৃংখলাবোধ জাগিয়ে তুলতে হবেঃ খুলনা সিটি মেয়র

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,
শিক্ষার্থীদের মননে নীতি-নৈতিকতা ও শৃংখলাবোধ জাগিয়ে তুলতে হবে।
ক্রীড়ানুশীলন এ কাজে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তিনি খেলাধুলার
জন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন,
পরিতাপের বিষয় হচ্ছে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই। তবে
সিটি কর্পোরেশন এলাকা বর্ধিত হলে এই সংকট সমাধানের জন্য উদ্যোগ
গ্রহণ করা হবে।
সিটি মেয়র আজ বুধবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে ৪৯তম
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। থানা মাধ্যমিক শিক্ষা
অফিস (খুলনা সদর ও সোনাডাঙ্গা) খুলনা তিনদিন ব্যপী এ ক্রীড়া
প্রতিযোগিতার আয়োজন করে। সিটি মেয়র বেলুন উড়িয়ে এ
প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলার ক্ষেত্রে খুলনার দীর্ঘ ঐতিহ্যের
বিষয় তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা আরো গতিশীল করতে
সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম-এর
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র,
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এ এস এম আব্দুল খালেক,
থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা) মোঃ
আবদুল মমিন ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ। মহানগরীর
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির