আমার ওপর বিশ্বাস ও ভরসা রাখেনঃ দেশে ফিরে ড. ইউনূস

নিউজ ডেস্কঃ
আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোন জায়গায় কারও ওপর হামলা হবে না, সহিংসতা হবে না।

আজ বৃহস্পতিবার প্যারিস থেকে ঢাকা পৌঁছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, সারা বাংলাদেশ একটি পরিবার। আমরা সবাই একসাথে চলতে চাই। যত হামলা হচ্ছে সব ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এসব থেকে সবাইকে রক্ষা করা। বিশৃঙ্খলা- সহিংসতা অগ্রগতির বড় শত্রু। আমাকে প্রয়োজন মনে করলে আমার কথা শুনতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেন অন্তত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ। তিনি আরও বলেন, সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কারও ওপর আক্রমণ নয়, সবাইকে রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে হবে, আস্থা রাখলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই বিজয় সম্ভব করেছে সেই শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা। তোমরা যেমন দেশ স্বাধীন করতে পেরেছ, গড়ে নিতেও পারবা। তোমাদের মধ্যে শক্তি আছে, সৃজনশীলতা আছে।

ফ্রান্স থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ রাতে দেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটের দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. ইউনূসকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান ওয়াকার উজ জামান।অনলাইন।
বিমানবন্দরে থেকে তার সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে।