গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট তিনি মারা যান।

দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে ঢাকার গুলশানে জিল্লুর রহমানের বাসায় এক মিলাদ দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এছাড়া ভৈরব উপজেলা আওয়ামী লীগ কোরআন খতম, দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করেছে। এ উপলক্ষে আজ দুপুরে ভৈরব কেবি পাইলট মডেল হাইস্কুলে আলোচনা ও তবারক বিতরণ করা হবে।অনলাইন।

আইভি রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী। তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৭ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। দুই মেয়ে তানিয়া ও ময়না। পারিবারিকভাবে আইভি রহমান জাতির পিতা বঙ্গবন্ধুর নিকটাত্মীয়। তার বড় বোন সামসুন্নাহার সিদ্দিকা বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার শাশুড়ি। এ ছাড়াও আইভি রহমানের বিয়ের সাক্ষী ছিলেন বঙ্গবন্ধু।