শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেনঃ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন । আমলাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২৬ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: সারাবিশ্বেই দুর্নীতি আছে। বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দুর্নীতি শুধু আমলারা করে রাজনীতিবিদরা করে না, সেটা নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত। আমি একজন পলিটিশিয়ান হয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে।

দুর্নীতির তদন্ত করার অধিকার আছে দুদকের এবং সে স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করেনি জানিয়ে ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, কেউ দুর্নীতি করে ছাড় পাবে না।

এর আগে ওবায়দুল কাদের ফিতা কেটে বিআরটিসি বিমানবন্দর শাটল সার্ভিসের বাস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় শাটল বাস সার্ভিস চালু প্রসঙ্গে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন: রেমিট্যান্স যোদ্ধারা বিদেশ থেকে অনেকেই এসে বিপাকে পড়েন লাগেজ নিয়ে। গাড়ি পান না তারা। আমরা যে বাস সার্ভিস দিয়েছি এখানে ৪০-৫০ কেজির লাগেজ নিয়ে উঠতে পারবেন। এই গাড়িগুলো এয়ারপোর্টেই থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপটেন মো. কামরুল ইসলামসহ অনেকে।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, সবচেয়ে বড় বিষয় হলো: আমরা এখন নিজেদের কারখানায়ই এসব গাড়ি প্রস্তুত করছি। অদূর ভবিষ্যতে আর আমাদের গাড়ি আমদানি করতে হবে না। আমরা নিজেরাই উৎপাদন করতে পারব।