নিউজ ডেস্কঃ
র্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি। তথ্য; অনলাইন।
লেঃ কর্ণেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, র্যাব মহাপরিচালক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানা গেছে, গত ২৭ জুলাই ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। এসময় লে. কর্নেল ইসমাইল হোসেন আহত হন। তাকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ায় ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য ৫ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। ৬ আগস্ট তার মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি তার পরিবারে পিতা, মাতা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।