সরকার পরিবেশসম্মতভাবে দেশের উন্নয়নে বিশ্বাসীঃ খুলনা সিটি মেয়র 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে যাত্রা
সূচিত হয়েছে তা অব্যাহত থাকলে দু’হাজার একচল্লিশ সালের মধ্যে
বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বিগত সরকারের আমলে দেশের উন্নয়ন
সকল সূচকে পিছিয়ে ছিল। বর্তমান সরকার ক্ষমতাসীন হবার পর বিদ্যুৎ
উৎপাদনসহ সকল ক্ষেত্রে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন
বিএনপি বিদ্যুৎ দিতে পারেনাই কিন্তু খাম্বার ব্যবসা করতে ছাড়েনি।
সিটি মেয়র আজ বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলাধীন দারোগার ভিটা
নামক স্থানে ‘সিটি কনক্রিট’ হলোব্লক ফ্যাক্টরীর ১২ বছর পূর্তি এবং
নতুন স্থাপিত ব্লক টেস্টিং ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি ফিতা কেটে ল্যাবের উদ্বোধন
করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার
পরিবেশসম্মতভাবে দেশের উন্নয়নে বিশ্বাসী। সে কারণে বর্তমানে যে সকল
কারখানা নির্মিত হচ্ছে সেগুলির পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করেই
অনুমোদন দেয়া হচ্ছে। তবে ফ্যাক্টরীগুলিতে যারা কর্মী হিসেবে কাজ করছে
তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। বিশ্বে নতুন নতুন অনেক প্রযুক্তির
উদ্ভাবন হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে সে সকল প্রযুক্তিগত জ্ঞানে
কর্মচারীদের সমৃদ্ধ করতে হবে।
সিটি কনক্রিট-এর স্বত্ত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান-এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার পুলিশ সুপার
মোহাম্মদ মাহাবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল,
পরিবেশ অধিদপ্তর-খুলনার উপপরিচালক মোঃ আসিফুর রহমান, বটিয়াঘাটা
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রহমান, মদীনা বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর ড. মোঃ আবদুর রহমান ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর এবিএম মামুনুর রশীদ ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির
সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অন্যন্য অতিথিবৃন্দকে
সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকসহ নগরীর গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির