ডিলার পর্যায়ে ইউরিয়া সারের দাম বাড়ল

নিউজ ডেস্কঃ
সরকার ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা পুনর্নির্ধারণ করেছে । ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (০১ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।তথ্যঃ অনলাইন।

বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা। এসময় তিনি জানান, ইউরিয়া সারের ব্যবহার পরিমিত রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ইউরিয়া সারের দাম বাড়লেও অন্যান্য সারের দাম বাড়বে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতিকেজি ইউরিয়া সারের বর্তমান দাম ৮১ টাকা। এর ফলে ৬ টাকা দাম বাড়ানোর পরও সরকারকে প্রতিকেজিতে ৫৯ টাকা ভর্তুকি দিতে হবে। ২০০৫-০৬ অর্থবছরে প্রতিকেজি ইউরিয়া সারের ভর্তুকি ছিল মাত্র ১৫ টাকা।