বর্তমান সরকার ক্ষমতা রক্ষায় মরিয়া হয়ে উঠেছেঃ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
বর্তমান সরকার পতন আঁচ করতে পেরে ক্ষমতা রক্ষায় মরিয়া হয়ে উঠেছে । বোরবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে দেশব্যাপী বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ছিল রোববার। ভোলায় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা আলামিন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে দাবি বিএনপির।

এছাড়াও ঝালকাঠিসহ দেশের আরো কয়েকটি স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ডসহ নেতাকর্মীদের আহত করেছে বলে অভিযোগ করেছে দলটি। আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন আঁচ করতে পেরে মরণ কামড় দিতে শুরু করেছে। সরকার জনগণের সাথে ভাওতাবাজী, অসত্য বক্তব্য এবং বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত। একদিকে সরকার সভা-সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা ও আহত করছে, আবার অন্যদিকে নিজেদেরকে গণতন্ত্রী বলে দাবি করছে। অনলাইন।

বিএনপি মহাসচিব ভোলায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।